দেশের খ্যাতিমান নির্মাতা তানভীর মোকাম্মেলের কালজয়ী দুটি চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হয়ে আসছিল। তবে সম্প্রতি কোনো কারণ উল্লেখ না করেই চলচ্চিত্র দুটি ফ্লাইটে প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি—এমনটাই জানিয়েছেন নির্মাতা নিজেই।

নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে তানভীর মোকাম্মেল লিখেছেন, বাংলাদেশ বিমান তার এই দুটি চলচ্চিত্র আর প্রদর্শন করতে চাইছে না। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিষয়টি নিয়ে তানভীর মোকাম্মেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তানভীর মোকাম্মেলের নির্মিত ‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে মুক্তি পায়। প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর একই নামের ধ্রুপদি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে পুরস্কৃত হয়।

‘লালসালু’তে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা ইউসুফ মেমী, চাঁদনী, রওশন জামিল, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, আলী যাকের, তৌকীর আহমেদ, মৌসুমী, তামান্না ইয়াসমিন, মাসুদ আলী খান, সাইদুর রহমান বয়াতিসহ অনেকে।

অন্যদিকে, তানভীর মোকাম্মেলের আরেক আলোচিত চলচ্চিত্র ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় নব্বইয়ের দশকের শেষ দিকে। চলচ্চিত্রটিও দেশে-বিদেশে প্রশংসিত হয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতটি বিভাগে পুরস্কার লাভ করে। এতে অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবীসহ অনেকে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’—দুটি সিনেমাই গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এগুলো প্রদর্শিত হওয়ার পর হঠাৎ বন্ধ করে দেওয়ার বিষয়টি তাই নতুন করে আলোচনায় এসেছে।