বিশ্বের তিন শীর্ষ বিশ্ববিদ্যালয়—হার্ভার্ড, অক্সফোর্ড ও কেমব্রিজ—তিনটিতেই ভর্তি হওয়ার বিরল সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মিফতাহুল জান্নাত সায়মা। শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Learning Design, Innovation, and Technology মাস্টার্স প্রোগ্রামে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা পেয়েছেন এবং শিগগিরই উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
হার্ভার্ডে পড়াশোনার জন্য সাইমা পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অন্যতম মর্যাদাপূর্ণ Barakett Family Fellowship। মেধা ও একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে প্রতিবছর পুরো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থীকে এই ফেলোশিপ দেওয়া হয়। পাশাপাশি তিনি অর্জন করেছেন Aga Khan Foundation International Scholarship Programme (AKF ISP)-এর আন্তর্জাতিক বৃত্তি, যা বিশ্বের অল্পসংখ্যক মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হয়।
হার্ভার্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাইমা যুক্তরাজ্যের দুই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও কেমব্রিজ থেকেও একাধিক প্রোগ্রামে ভর্তির সুযোগ পান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে MSc in Education, Digital and Social Change এবং MPhil in Development Studies প্রোগ্রামে ভর্তি হওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি MPhil in Development Studies এবং MPhil in Education, Globalisation and International Development প্রোগ্রামে অফার পান।
সব মিলিয়ে বিশ্বের তিনটি অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি ভর্তির প্রস্তাব পাওয়ার পর সাইমা শেষ পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বেছে নেন।
সাইমার এই সাফল্যের পেছনে রয়েছে সমৃদ্ধ আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি ফ্রান্সের Sciences Po-তে একটি এক্সচেঞ্জ সেমিস্টার সম্পন্ন করেছেন এবং BNP Paribas-এর হংকং অফিসে ইন্টার্নশিপ করেছেন। এসব অভিজ্ঞতা তার একাডেমিক ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য তাকে আরও প্রস্তুত করেছে। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে তাে স্নাতক সম্পন্ন করেন।





