শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ রয়েছে সেটাকে শতভাগ করার জন্য আমাদের প্রস্তাব রয়েছে। ইতোমধ্যে ১০ শতাংশ চেয়েছিলাম। এটা আগামী দিনে শুরু হবে। বাজেট হওয়ার পরে ক্রমান্বয়ে শতভাগ উৎসব ভাতা পাবেন।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, আমি ইংল্যান্ডে থাকাকালীন সেখানকার শিক্ষার্থীরা কত সুন্দর পরিপাটি হয়ে স্কুলে যান। তখন আমি স্বপ্ন দেখতাম কীভাবে আমাদের দেশে এভাবে করতে পারবো।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন প্রতিটা স্কুলে ড্রেস দিতে হবে। আমরা ইতোমধ্যে শুরু করেছি। জুলাই মাসের মধ্যে আমরা সাড়ে ৪ লাখ প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেবো। প্রতিটা স্কুলে ড্রেস ও জুতা, মোজা ও ব্যাগ দেয়া হবে। শিগগিরই বাংলাদেশে সব স্কুলে মিড-ডে মিল চালু হবে। আমরা কারিগরি শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বিশেষ অতিথি ছিলেন।

সোনারগাঁ উপজেলায় নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি ড. নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য দেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।